মেহেরপুরে বিএনপির নির্বাচনি অফিসের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনীতে বিএনপির একটি অস্থায়ী নির্বাচনি কার্যালয়ের পাশ থেকে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণার জন্য একটি অস্থায়ী কার্যালয় স্থাপন করেন। প্রতিদিনের মতো আজ সকালে কার্যালয়টি খোলার সময় পাশে সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বোমা সদৃশ বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আসিফ ইকবাল/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, ছাত্রদল ও যুবদলের ১৪ নেতা বহিষ্কার
- ২ চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ার, আহত ৫
- ৩ কারাগারের জানালার গ্রিলে মিললো বন্দির ঝুলন্ত মরদেহ
- ৪ সিলেটের মোড়ে মোড়ে ঝুলছে ব্যানার, লেখা ‘দাদু ইজ কামিং’
- ৫ শেখ তন্ময়ের সঙ্গে নাশকতার পরিকল্পনা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩