ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানের শীষকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বিদ্রোহী প্রার্থী

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ১২:২২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে ধানের শীষের আবদুল গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) এস এম মামুনুর রশীদ মামুন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এসময়ে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এস এম মামুনুর রশীদের ভাষ্য, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। অনুধাবন করে দেখলাম দলীয় স্বার্থে আমার এ ত্যাগ মেনে নেয়া উচিত। তবে কেউ হুমকি বা লোভ দেখিয়ে আমাকে সরে দাঁড়াতে বাধ্য করেনি।

বিএনপির প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আবদুল গফুর সরকার বলেন, এ আসনের স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ মামুন বিএনপিকে ভালোবাসে। তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তার মার্কা ছিল মোটরসাইকেল। পরে সে তার ভুল বুঝতে পেরে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। তিনি এখন থেকে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

আমিরুল হক/এএইচ/এমএস