ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার

অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে ৫৯৮টি ভোটকেন্দ্রের ৩২৯টি কেন্দ্রকে ‌‌‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। এসব কেন্দ্রে অতিরিক্ত সতর্কতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা জোরদারের ব্যবস্থার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে কক্সবাজার-২ আসনের কুতুবদিয়া ও কক্সবাজার-৪ আসনের উখিয়া উপজেলায় বেশিসংখ্যক কেন্দ্র রয়েছে বলে জানা গেছে।

জেলা নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে মোট ভোটকেন্দ্র ১৮০টি। এর মধ্যে ৯৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। চকরিয়া উপজেলায় ১৩০টি কেন্দ্রের মধ্যে ৭৩টি এবং পেকুয়া উপজেলায় ৪৭টি কেন্দ্রের মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত। এছাড়া কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৫৯টি, এর মধ্যে মহেশখালীতে ২৭টি এবং কুতুবদিয়ায় ৩২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) আসনে মোট ১৮২টি কেন্দ্রের মধ্যে ১০৯টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫০টি, রামুর ৩৫টি এবং ঈদগাঁও ২৪টি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে। অন্যদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উখিয়ায় ৪০টি এবং টেকনাফে ২৮টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে।

সূত্র জানিয়েছে, রাজনৈতিক পরিস্থিতি, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব এবং প্রার্থীদের অবস্থান বিবেচনায় সরকারের বিভিন্ন দায়িত্বশীল সংস্থার তথ্য বিশ্লেষণ করেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম এ মান্নান জানান, আমাদের মূল টার্গেট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ। অতিগুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ সব কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা, প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বডি অন ক্যামেরা বসানো হচ্ছে।

তিনি বলেন, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত সম্ভব বলে উল্লেখ করেন ডিসি।

সায়ীদ আলমগীর/কেএইচকে/এমএস