ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজারে স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে বিশ্ববাসীর নজর কাড়তে চায় সরকার

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৩ এপ্রিল ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, কক্সবাজার শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটকদের কাছেও একটি পরিচিত নাম। তাই স্পোর্টস ট্যুরিজমের মাধ্যমে এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। বিশ্বের বিভিন্ন দেশে দর্শকরা ভিন্ন অভিজ্ঞতায় খেলা উপভোগ করে, সেই ধারণা মাথায় রেখে কক্সবাজারেও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন স্টেডিয়াম গড়ে তোলার ভাবনা রয়েছে। এটি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে আয়োজিত কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি সুস্থ ও সবল জাতি গঠন সম্ভব।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সরকার খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালু এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু করেছে। যার মাধ্যমে খেলোয়াড়রা বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

আমিনুল হক বলেছেন, সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে নতুন কুঁড়ি প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয় সাতটি ইভেন্টে মেধা অন্বেষণ করা হবে। কক্সবাজারে সার্ফিং খেলার সঙ্গে যুক্ত তরুণরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে কিউট ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টের যাত্রায় চৈত্রের প্রচণ্ড উত্তাপে প্রায় শতাধিক সার্ফার সার্ফিং বোট নিয়ে ঢেউয়ের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে উৎসবে মেতে উঠে। প্রতিযোগিতায় ২৫ জন নারী সার্ফার রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সার্ফিং দলের হয়ে এশিয়া সার্ফিংয়ে অংশ নেওয়া সাত সার্ফারকে সংবর্ধিত করা হয়। পরে প্রধান অতিথি রং-বেরঙের বেলুন উড়িয়ে দু'দিনের এই সার্ফিং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

সার্ফিং প্রতিযোগিতা উদ্বোধন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম (ফুটবল স্টেডিয়াম), রামু বিকেএসপি কক্সবাজার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

জেলা প্রশাসক এমএ মান্নানের সভাপতিত্বে ও বিএসপিএ কক্সবাজার শাখার সভাপতি সাংবাদিক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, সার্ফিং ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, ওয়ার্ল্ড আর্চারীর এশিয়া সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন।

সায়ীদ আলমগীর/কেএইচকে/এএসএম