স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের স্লোগান, দুই শিক্ষককে শোকজ
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ানোর ঘটনায় দুই প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুক্রবার (৬ জানুয়ারি) রাতে শোকজ নোটিশ দেওয়া হয়।
কিশোরগঞ্জ-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ খাদিজা আক্তার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বুধবার (৪ ফেব্রুয়ারি) পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের দিয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী জালাল উদ্দীনের পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।
স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘জালাল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’, ‘আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম’ ও ‘ভোট দেবো কিসে, ধানের শীষে’।
এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রূপন দাস সংশ্লিষ্ট কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
নোটিশে বলা হয়েছে, কেন এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, এবং কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাজিতপুর চৌকি আদালতে নিকলী সিভিল জজের কার্যালয়ে সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এসকে রাসেল/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তরমুজ চাষিদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, খাদ্য কর্মকর্তা গ্রেফতার
- ২ গভর্নমেন্ট আমাদের, আগের ডিসি গাদ্দারি করেছেন বলেই তাকে বদলি করেছি
- ৩ জুলাই বিপ্লবে পুলিশসহ সব হত্যাকাণ্ডের আইন অনুযায়ী ব্যবস্থা: আইজিপি
- ৪ ‘তেল নেই’ ব্যানার ঝুলানো ফিলিং স্টেশনে মিললো ৯ হাজার লিটার তেল
- ৫ নাব্য সংকটে বন্ধ নৌচলাচল, মাইলের পর মাইল হেঁটে বালুচর পাড়ি