ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনি উপকরণ সুরক্ষা এবং যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে কোস্টগার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড দেশের দায়িত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে।’

রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, ‘কোস্টগার্ড দীর্ঘদিন ধরে দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ ও নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড একটি নির্ভরযোগ্য বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে।’

তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করেছে। নির্বাচন উপলক্ষ্যে ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় তিনহাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে।’

নির্বাচনে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

ইতোমধ্যে এসব প্লাটুন স্থলভাগ ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলসমূহের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।

কোস্টগার্ড মহাপরিচালক বিশেষভাবে উল্লেখ করে বলেন, ‘ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকার ৩৯টি ভোটকেন্দ্রে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত নৌপথে টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছে।’

একই সঙ্গে অস্ত্র উদ্ধার অভিযান ও দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে একটি উৎসবমুখর ও নিরাপদ ভোটবান্ধব পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সবশেষে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, ‘অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ড তার পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে।’

এর আগে সকাল ১০টায় মতলব উত্তরের মোহনপুর ইউনিয়নের ৫৮ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কোস্টগার্ড মহাপরিচালক। মতবিনিময়কালে তিনি ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

এসময় চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনিসহ কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস