চরমোনাই পীর
৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করেছে
ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, ‘৫৪ বছর যারা দেশ চালিয়েছিল তারা পাঁচবার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে দেশকে কলঙ্কিত করেছে, আমাদের অপমান করেছে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ‘বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে, তারা আমাদের পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি, কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবো। আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচদল একসঙ্গে চলছিলাম একটা বাক্সে দেওয়ার জন্য ইসলামের পক্ষে। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল।’
তিনি বলেন, ‘আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেবো ইসলামের পক্ষে একটা। কিন্তু তারা যখন তারা দেখল, সারাদেশের ভেতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্য, তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী। আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম