ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধানের শীষে ভোট না দিলে ‘ব্যবস্থা’ নেওয়ার হুমকি, বিএনপি নেতাকে জরিমানা

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

পঞ্চগড়-১ আসনে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনি আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে পঞ্চগড়-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মিনহাজুর রহমান এই দণ্ডাদেশ দেন।

জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি পঞ্চগড়-১ আসনের শাপলা কলি প্রতীকের নির্বাচনি এজেন্ট নাসির উদ্দীন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় এক উঠান বৈঠকে বক্তব্য দেওয়ার সময় বিএনপি নেতা এম এ মজিদ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে খুঁজে খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে বক্তব্যের ভিডিও ফুটেজ, লিখিত জবাব ও দাখিলকৃত অন্যান্য নথিপত্র পর্যালোচনা করে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগটি আমলে নেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বিএনপি নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।।

সফিকুল আলম/কেএইচকে/এএসএম