আবদুল আউয়াল মিন্টু
তারেক রহমান মা-বাবার সূত্রে দেশ পরিচালনার অভিজ্ঞতা পেয়েছেন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, তারেক রহমান তার মা-বাবার সূত্রে দেশ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান ছাড়া বাংলাদেশ অন্য কারো কাছে নিরাপদ নয়। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে দেশ সমৃদ্ধির পথে যাবে নাকি অন্ধকারে নিমজ্জিত হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী উপজেলার ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা যদি অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে নির্বাচিত করতে পারি, তবেই দেশ সমৃদ্ধ হবে। সঠিক মানুষকে দায়িত্ব দিতে ব্যর্থ হলে দেশে মারামারি ও হানাহানি বাড়বে এবং দেশ পিছিয়ে পড়বে। আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ফেনীর উন্নয়নে কাজ করতে চাই।
তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিলে সবার সাথে মিলেমিশে ফেনীতে উন্নয়ন করতে চাই। সোনাগাজীর ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়া, সেচ ব্যবস্থার উন্নয়ন করা, মহিলা কলেজ স্থাপন করা, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে উন্নয়নের সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।
সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন, সোনাগাজী উপজেলা বিএনপির সহ -সভাপতি জামাল উদ্দিন সেন্টু প্রমুখ।
আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/জেআইএম