সার-কীটনাশকের দোকানে মিলল ১৮৩ লিটার ডিজেল
রাজবাড়ীর পাংশায় সার-কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি মজুত ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৭টায় উপজেলার বাগদুলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
অভিযুক্ত মো. সিরাজুল ইসলাম উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাগদুলী বাজারে সাইদুল ব্রাদার্স এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। সেখানে সার-কীটনাশক বিক্রির পাশাপাশি জ্বালানি তেল বিক্রি করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম বিভিন্ন স্থান থেকে ডিজেল সংগ্রহ করে এলাকার কৃষকদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করতেন। এমন অভিযোগে প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় দোকান থেকে ১৮৩ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ বলেন, সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতি লিটার ডিজেল ১৬০ টাকা দরে বিক্রির সত্যতা পাওয়া গেছে। সেই সঙ্গে তিনি তেল বিক্রির বৈধ কাগজ দেখাতে পারেননি। তাকে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে।
রুবেলুর রহমান/এএইচ/এএসএম