ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নির্বাচনে আনসারের ডিউটি দেওয়া প্রলোভনে অর্থ আত্মসাৎ, যুবক আটক

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আসন্ন নির্বাচনে আনসার সদস্য হিসেবে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উঠে। এই ঘটনায় আখের আলী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে আখের আলী নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে বালিয়াকান্দির গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জন নারী-পুরুষের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে আদায় করেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাদের মধুখালী উপজেলায় নির্বাচনি ডিউটিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু ভোটের আর মাত্র দুই দিন বাকি থাকলেও নিয়োগসংক্রান্ত কোনো কাগজপত্র না আসায় স্থানীয়দের মনে সন্দেহ জাগে। আজ বিকেলে আখের আলী ওই এলাকায় এলে ভুক্তভোগীরা তাকে ধরে ফেলেন।

গোসাই গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকেও আনসারে ডিউটি দেওয়ার কথা বলে এক হাজার টাকা নেওয়া হয়েছে। কিন্তু কোনো ডিউটি দেওয়া হয়নি।

অভিযুক্ত আখের আলী জানান, তিনি ৬৫ জনের কাছ থেকে নেওয়া টাকা মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমানের কাছে দিয়েছেন। তবে তিনি কাউকে ডিউটি দিতে পারেননি।

মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আমি কোনো টাকা নেইনি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুবেলুর রহমান/কেএইচকে/জেআইএম