ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
ময়মনসিংহে দুর্ঘটনার স্থানে মানুষের ভিড়/ছবি: সংগৃহীত
ময়মনসিংহে ট্রাকচাপা দেওয়ার পৃথক দুটি ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দাপুনিয়া বাজার ও চুরখাই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচিত পাওয়া গেছে। তার নাম জসিম মিয়া (৩২)। তিনি ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন জসিম। তিনি পারিবারিক কাজে ময়মনসিংহ শহরে গিয়েছিলেন। শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে আরোহী জসিম ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় ট্রাক ফেলে চালক পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
একই সময়ে চুরখাই বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় এক পথচারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশনস) আজহারুল ইসলাম বলেন, জসিমের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমডিকেএম/একিউএফ