ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটের মহড়া

সাঁজোয়া যানে এলো সেনাবাহিনী, আহতদের উদ্ধারে হেলিকপ্টার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৪:২০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর উদ্যোগে ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট লাউয়া দিঘির মাঠে এ মহড়া হয়। এতে বিশৃঙ্খলা ঠেকাতে ভোটকেন্দ্রে সাঁজোয়া যান আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে আসেন সেনাসদস্যরা। আহতদের উদ্ধার করে হেলিকপ্টার।

সরেজমিনে দেখা যায়, মহড়ায় নির্বাচনের দিন সকালে একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে পৌঁছে কার্যক্রম শুরু করে। কিন্তু পরিস্থিতির অবনতি হলে দ্রুত সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি সশস্ত্র দল ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল নিক্ষেপ ও কৌশলগত অবস্থান গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

সাঁজোয়া যানে এলো সেনাবাহিনী, আহতদের উদ্ধারে হেলিকপ্টার

এ মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র দখল, সহিংসতা, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খল পরিস্থিতিতে সেনাবাহিনীর সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাস্তবভিত্তিকভাবে যাচাই করা হয়। এতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি মূল্যায়ন করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে।

মহড়ায় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডআইপি/একিউএফ