কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি
চুরির ঘটনায় কুষ্টিয়ার মিরপুর থানায় জিডি করা হয়েছে/ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসিটিভি ক্যামেরা চুরি গেছে। এ ঘটনায় মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর পৌরসভার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চুরির বিষয়টি টের পেয়ে স্কুল কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে জানায়।
স্কুল সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা স্কুলে প্রবেশ করে ক্যামেরা দুটি চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারেন।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে একই স্থানে আবারও নতুন করে ক্যামেরা প্রতিস্থাপন করা হবে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় জিডি করেছেন। ক্যামেরা দুটি এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ভেড়ামারা ও মিরপুর দুই উপজেলা মিলে কুষ্টিয়া-২ আসন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ১ জন।
এএমএস/একিউএফ