ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হান্নান মাসউদের ৩ সমর্থকের বাড়ি-দোকানে হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১০:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের তিন সমর্থকের বাড়ি-দোকানে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে হাতিয়ার সোনাদিয়া, বুড়িরচর ও চরঈশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

হান্নান মাসউদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের স্লোগান দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কায়দায় এই হামলা চালায়। হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালায় এবং ভয়ভীতি প্রদর্শন করে।

এ ঘটনায় হান্নান মাসউদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়েছে।

হান্নান মাসউদ জাগো নিউজকে বলেন, মঙ্গলবার রাতে বুড়িরচর, চরঈশ্বর ও সোনাদিয়া ইউনিয়নের আমাদের নেতাকর্মীদের বাড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে হামলা চালায়, লুটপাট করে এবং বিভিন্ন জায়গায় গোলাগুলি করে।

তিনি দাবি করেন, মূলত আমাদের সমর্থকদের দমন করার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

তবে এ বিষয়ে বার বার চেষ্টা করেও বিএনপির স্থানীয় নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জাগো নিউজকে বলেন, বিকেলে সোনাদিয়া ইউনিয়নে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়। তার জের ধরে রাতে হামলার চেষ্টা করে। তবে পুলিশ-নৌবাহিনী তা প্রতিহত করে।

ওসি আরও জানান, বুড়িরচরের ঘটনা রাজনৈতিক নয়। অন্যদিকে চরঈশ্বরে তেমন কিছু ঘটেনি। তবুও পুলিশ-নৌবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নোয়াখালী-৬ আসনে বিএনপির স্বতন্ত্র দুই বিদ্রোহী প্রার্থীসহ ১০জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির প্রার্থী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম এবং ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ইকবাল হোসেন মজনু/কেএইচকে/এএসএম