ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে হাতেনাতে ধরেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে।

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুই ব্যক্তি হলেন গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল মান্নান ও ফকির মেম্বার খাটোরা গ্রামে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণ করছিলেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী শাহিনের বাড়ি থেকে তাদেরকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দুটি বান্ডেল জব্দ করা হয়।

ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতা আটক

পরে জামায়াতের স্থানীয় নির্বাচনি কার্যালয়ে নিয়ে আসা হয় তাদের। খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। জব্দ টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন বলেন, ‌‘বিএনপির নেতা-কর্মীরা প্রকাশ্যে টাকা বিতরণ করছেন, যা নির্বাচনবিধি সম্মত নয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করেন।’

কনকাপৈত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়। পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।

জাহিদ পাটোয়ারী/এসআর/এমএন