ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে শোকজ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয় থেকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান তানজির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, গতকাল ১০ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে ৬ নম্বর ঘুরিদহ ইউনিয়নে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়াও যোগদানের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে প্রচার করে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। এসব অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারের মোবাইলফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির (গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) চেয়ারম্যান তানজির হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থী ফারুক আলম সরকারকে শোকজ করা হয়েছে। আজ তাকে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

আনোয়ার আল শামীম/এনএইচআর/এমএন