পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
পাবনার আটঘরিয়ায় চার বছর বয়সী সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ভরতপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. তাওহিদ (৪) একই গ্রামের প্রবাসী টুটুল ইসলামের ছেলে। টুটুল ইসলাম প্রায় দুই বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা মুক্তা খাতুন ঘরে বালিশ চাপা দিয়ে নিজ সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেরে দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ নির্মম ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আলমগীর হোসাইন নাবিল/এসআর