রাজশাহীতে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩৩ শতাংশ
ছবি: জাগো নিউজ
রাজশাহীতে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৩২ দশমিক ৮৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন, জেলার ছয়টি সংসদীয় আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে এবং দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সব কেন্দ্রেই শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী-১ থেকে রাজশাহী-৬ পর্যন্ত ছয়টি আসনের অধীনে মোট ৭৭৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। জেলায় মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৯২ হাজার ১১৮ জন।
আসনভিত্তিক প্রাথমিক তথ্যে দেখা যায়, রাজশাহী-১ আসনে ভোট পড়েছে প্রায় ৩১ শতাংশ। রাজশাহী-২ ও রাজশাহী-৩ আসনে যথাক্রমে প্রায় ৩৫ শতাংশ ও ২৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। রাজশাহী-৪ আসনে প্রায় ৩৭ শতাংশ, রাজশাহী-৫ এ প্রায় ৩২ শতাংশ এবং রাজশাহী-৬ এ প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
নির্বাচন কর্মকর্তারা জানান, সকালে শহরাঞ্চলে ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামীণ এলাকাগুলোতেও ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
নিরাপত্তা জোরদার করতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন, যাতে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সাখাওয়াত হোসেন/এসএকেওয়াই