ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০১:১৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুরের রাজৈরে একটি ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেলের বেশির ভাগই পুড়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে এই ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পাশে একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে ভোটকেন্দ্রের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে ভোটারদের মধ্য থেকে ভীতি দূর হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কে বা কারা এই আগুন ধরিয়েছে এখনো জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা সুমন বেপারি বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর প্রশাসনের লোকজন আসলে, ভোটারদের মধ্যে থেকে আতঙ্ক দূর হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন, মোটরসাইকেলের আগুনের ঘটনায় তেমন কোনো সমস্যা তৈরি হয়নি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এএসএম