সিরাজগঞ্জে কেন্দ্রে পুরুষের তুলনায় নারীদের ভিড়
সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ শুরু থেকেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
সিরাজগঞ্জ-২ আসনের ফুলবাড়ী, সয়াগোবিন্দ, কোলগয়লা, কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ঘুরে এমনটা দেখা গেছে।
কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন,
এ কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ১১৬ জন। যার মধ্যে ২ হাজার ১১৫ জনই নারী। তারা ভোট শুরুর আগে অনেক কেন্দ্রে উপস্থিত হন। সারারাত ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের লাইন আরও দীর্ঘ হয়েছে।
সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রিসাইডিং কর্মকর্তা পঞ্চানন্দ সাহা জাগো নিউজকে বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
তিনি জানান, তার এ কেন্দ্রে নারী ভোটার দুই হাজার ৫২৫ জন। দুপুর ১২ টা পর্যন্ত প্রায় এক হাজার ভোট পড়েছে।
ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। উপস্থিত ভোটারদের মধ্যে নারী ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি দেখা গেছে। ভোটকক্ষে বিএনপি ও জামায়াতের পোলিং এজেন্টদের উপস্থিতিও বেশ সরব।
জেলার ছয়টি আসনের একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হয় সিরাজগঞ্জ-২ আসনকে। এটি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮ জন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ২৪৮ জন পুরুষ, ২ লাখ ৩৪ হাজার ৬২৬ জন নারী ও চারজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
এম এ মালেক/এনএইচআর/এএসএম