রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নিলেন প্রিসাইডিং অফিসার
মাদারীপুর-২ আসনের রাজৈরের ৮৪নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের বিষয়টি নজরে আসে। তিনি বিষয়টি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন। অভিযোগের পর জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে জানানো হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইউএনও ঘটনাস্থলে গিয়ে স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ করেন।
অভিযুক্ত প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ সর মঙ্গল ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
অভিযুক্ত প্রিজাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, আমার ভুল হয়ে গেছে। কাজ এগিয়ে রাখার জন্য স্বাক্ষরগুলো নিয়ে রেখেছিলাম।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায়। স্বাক্ষরিত কাগজগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এমএন