কুড়িগ্রামে ৩টিতে জামায়াত, ১টি আসনে এনসিপির জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী এবং একটি আসনে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। বিএনপি প্রতিটি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও কোনো আসনে জয় পায়নি দলটি।
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে ২৩১টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন। বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৬৫ ভোট।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রাজারহাট) আসনে মোট ২০৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির ড. আতিক মুজাহিদ শাপলা কলি মার্কায় ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সোহেল হাসনাইন কায়কোবাদ ধানের শীষ মার্কায় পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৯৯ ভোট। ৯ হাজার ৫৩০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে এনসিপি প্রার্থী আতিক মুজাহিদ।
কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে ১৪০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬৮ হাজার ৪৭০ জন। বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৫ হাজার ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৪০৩ ভোট।
কুড়িগ্রাম–৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে ১৩০টি ভোটকেন্দ্রে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। এ আসনে পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ৯১ হাজার ৪১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আজিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৩৩৫ ভোট।
এমএএনইউ/আইএইচএস/