প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন নারায়ণগঞ্জের ৪ প্রার্থী
নারায়ণগঞ্জের নির্বাচনি ইতিহাসে যোগ হলো নতুন এক অধ্যায়। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনের চারটিতেই বিজয়ী হয়েছেন নতুন মুখ। রাজনৈতিক সমীকরণ ও ভোটের লড়াইয়ে প্রথমবারের মতো বাজিমাত করে সংসদ সদস্য হওয়ার স্বাদ পাওয়া প্রার্থীদের মধ্যে তিনজন বিএনপি ও একজন জাতীয় নাগরিক পার্টির।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া (দিপু) ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৩ দশমিক ৯৬ শতাংশ।
মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। সেই সঙ্গে এবারই তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে তিনি বিএনপি দলীয় মনোনয়ন পেলেও চূড়ান্তভাবে তার কখনও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি।
এছাড়া নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইলিয়াস মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট। এ আসনে ভোটের হার ছিল ৬৫ শতাংশ।
নজরুল ইসলাম আজাদ বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর তিনি বিএনপি দলীয় মনোনয়নে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা হলেও বিজয়ী হওয়ার সুযোগ হয়নি।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির আজহারুল ইসলাম (মান্নান) ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভুঁইয়া পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট।
এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগে বিএনপি দলীয় মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করা হলেও বিজয়ী হওয়ার সুযোগ হয়নি তার।
সবশেষ নারায়ণগঞ্জ-৪ (নারায়ণগঞ্জ সদর উপজেলার একাংশ) আসনে ১১-দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।
আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তার রাজনৈতিক দল এনসিপিও রাজনীতিতে নতুন যাত্রা শুরু করেছে। আবদুল্লাহ আল আমিন বয়সেও অনেক তরুণ। নারায়ণগঞ্জের অন্য সকল প্রার্থীদের চেয়ে তিনি সর্বকনিষ্ঠ। আর এই তরুণ বয়সেই তিনি চমক দেখিয়েছেন।
মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/জেআইএম