নির্বাচন পরবর্তী সহিংসতা
গুরুদাসপুরে বিএনপি কর্মীদের হামলায় জামায়াতের তিনজন আহত
নাটোরের গুরুদাসপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় পৃথক ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ওয়ার্ড জামায়াতের সভাপতি রাজেদুল ইসলাম বিন্যাবাড়ি বাজারে জামায়াতকর্মী ওমর ফারুকের ওয়ার্কসপে বসে ছিলেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপিকর্মী মামুন, আয়নাল, ইসলাম, নয়ন, মোনায়েমের নেতৃত্বে ১০-১২ জন ওই ওয়ার্কশপে প্রবেশ করে মারধর শুরু করেন। হামলাকারীরা মোবাইল ছিনিয়ে নিয়ে ও মোটরসাইকেল ভাঙচুর করে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রাজেদুলের পায়ে ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অপরদিকে ওমর ফারুকের মাথায় ও হাতে আঘাত রয়েছে।
এদিকে একই ইউনিয়নের দক্ষিণ নারিবাড়ী গ্রামের আনছার আলীর ছেলে জামায়াতকর্মী সাইদুল ইসলাম বেলা ২টার দিকে জাদুর মোড়ে চায়ের দোকানে হামলার শিকার হন। হামলাকারী তারেক, ইয়াকুব ও কদম আলী একই গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে আহত সাইদুলের ছেলে শাহিন আলম বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন।
আহত সাইদুল জানান, তিনি দৈনিক হাজিরায় মাইকসহ ভ্যান গাড়িতে জামায়াত প্রার্থীর প্রচারণা চালিয়েছিলেন। এ অপরাধে তাকে মারধর করা হয়েছে।
উপজেলা জামায়াতের আমির আব্দুল আলিম জানান, নির্বাচন পরবর্তী এমন ঘটনা দুঃখজনক। তিনি এসব হামলা বন্ধে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ ও তার নেতাকর্মীদের অনুরোধ জানান।
এদিকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মী ও সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় নেওয়া হবে।
রজাউল করিম রেজা/এমএন/এএসএম