সুনামগঞ্জ
বৈষম্যবিরোধীর সাবেক আহ্বায়ক ওপর হামলা, জড়িতদের গ্রেফতারের দাবি
সুনামগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদোজা আহমেদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এনসিপির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব মো. রিদওয়ানুল হক নিহাল বলেন, গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট এলাকায় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইমনদোজা ওপর হামলা হয়েছে। কিন্তু এখন এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। পর্যাপ্ত সহায়তা ও নিরাপত্তা জোরদার করা হয়নি।
তিনি বলেন, এই হামলা শুধু একজন নেতার ওপর হামলা নয়, এটি পুরো শহরবাসীর মাঝে ভীতি ও অনিরাপত্তার বার্তা। অতীতেও এ ধরনের হামলার নজির রয়েছে এবং সম্প্রতি ঘটনার প্রমাণ করে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বোগজনক।
সংবাদ সম্মেলনে এনসিপি ও ছাত্রশক্তির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি রাতে সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় একদল দুর্বৃত্ত ইমনদোজার ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
লিপসন আহমেদ/কেএইচকে/জেআইএম