ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৭:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এই নজিরবিহীন ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া আসামির নাম সাজ্জাদ মিয়া (৪৫)। তিনি হোসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

হেলাল উদ্দিন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, সোমবার বিকালে বিশেষ ক্ষমতা আইনের সিলেটের একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি সাজ্জাদ মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে হাতকড়া পড়ান দিরাই থানা থেকে এস আই হেলাল মিয়া। বাড়ি থেকে থানায় নিয়ে আসার সময় তার চাচা নুরুল ইসলামসহ আরও বেশ কয়েকজন সাজ্জাদকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি ফেরত এনে পুলিশের কাছে ফেরত দেন এবং তাকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার জন্য গ্রামে জরুরি বৈঠকে বসেছেন স্থানীয়রা। এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে পর্যন্ত হুসেনপুর গ্রামের বৈঠক চলছিল।

তবে জগদল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লায়েক মিয়া বলেন, শুনেছি সাজ্জাদ মিয়াকে পুলিশ গ্রেফতার করেছিল। পরে তার আত্মীয় স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে। হাতকড়াটি পুলিশের হাতেই দেখেছেন দাবি করেন তিনি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটকের পর তার স্বজনরা ছিনিয়ে নিয়েছে।

হাতকড়া পুলিশের কাছে রয়েছে দাবি করে তিনি বলেন, ওই আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে।

লিপসন আহমেদ/কেএইচকে/জেআইএম