আ’লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধর, যুবদল নেতা বহিষ্কার
নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পরদিন তাকে মারধর করা হয়।
মারধরের শিকার আলতাফ হোসেন আকন্দ উপজেলার ছাতার দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান।
যুবদলের কেন্দ্রীয় কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি পরিপন্থি কর্মকাণ্ড এবং নানা অনাচারের কারণে শামীম হোসেনকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত নেতা শামীম হোসেন ভবিষ্যতে কোনো ধরনের অপকর্মে জড়িত হলে তার দায় দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতা শামীম হোসেন বলেন- ইচ্ছাকৃতভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার মতো কোনো কাজ করিনি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।
রেজাউল করিম রেজা/এফএ/জেআইএম