৮ লাখ টাকা ঘুস না নিয়ে পুলিশে দিলেন কর্মকর্তা
রংপুরে ঘুস দিতে গিয়ে আটক হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। আটক ব্যক্তির নাম মাইদুল ইসলাম।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে পুলিশের হাতে তুলে দেন।
রোকসানা বেগম জাগো নিউজকে বলেন, ‘আটক ওই ব্যক্তি একজন শিক্ষক ছিলেন বলে আমাকে জানিয়েছেন। রোমারী উপজেলার সদর ইউনিয়নের কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দপ্তরে এসেছিলেন। আজ আবারও এসে আমার সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ব্যাগে থাকা আট লাখ টাকা আমাকে নেওয়ার জন্য বলেন এবং এমপিওভুক্তির জন্য কাজ করতে অনুরোধ করেন। বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।’
এ বিষয়ে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি জানতাম না যে ম্যাডাম ঘুস নেন না। তাকে আট লাখ টাকা ঘুস দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।’
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জিতু কবীর/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ২ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৩ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৪ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৫ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা