ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৮:২২ এএম, ০৪ এপ্রিল ২০২৬

পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলের পশ্চিম সারেংকাঠী এলাকায় সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। দণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো, আশা ব্রিকস, মর্ডান ব্রিকস এবং ডায়মন্ড ব্রিকস ফিল্ড।

আদালত সূত্রে জানা যায়, এসব ইটভাটা দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ইটভাটার প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা দেন।

অভিযানকালে জব্দ করা চারটি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/এএসএম