ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক চুরির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম ইপিজেড থেকে ট্রাক চুরির ঘটনায় ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পবিরের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইমাম হোসেন পবিরের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক দায়িত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়ভার দল গ্রহণ করবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, চট্টগ্রাম ইপিজেড থেকে একটি ট্রাক চুরি হয়। এ নিয়ে মালিক থানায় অভিযোগ করার পর পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তদন্ত শুরু করে। তথ্য অনুযায়ী সোনাগাজী উপজেলার চর চান্দিয়া গ্রামের মোহাম্মদ ইউনুছকে আটক করে গোয়েন্দা পুলিশ। তিনি চুরি হওয়া ট্রাকের চালক। তার দেওয়া তথ্যে রোববার রাতে সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া ট্রাকটির খণ্ড-বিখণ্ড যন্ত্রাংশ উদ্ধার করা হয়। তবে সেসময় ওই বাড়িতে পবির ও তার পরিবারের কোনো সদস্য ছিলেন না। এ ঘটনায় মামলার খবরে পালিয়ে যান পবির।

পবির ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমের ছোট ভাই।

এ বিষয়ে সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁঞা বলেন, কারও ব্যক্তিগত কর্মের দায়ভার সংগঠন নেবে না। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালনের জন্য উপজেলা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম