মাছের ঘেরে জালে উঠে এলো শিশুর মরদেহ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাছের ঘের থেকে আবদুল্লাহ হেল ফুয়াদ (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আন্ধারিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আবদুল্লাহ হেল ফুয়াদ ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের ছোট ভাই হুমায়ুন কবিরের ছেলে। মাদরাসায় লেখাপড়ার সুবাদে ময়মনসিংহ শহরে পরিবারের সঙ্গে বসবাস করত। দুই দিন আগে আন্ধারিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে আসে আবদুল্লাহ হেল ফুয়াদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মাছের ঘেরে জেলেরা মাছ ধরতে জাল ফেলেন। এসময় জালে উঠে আসে অচেতন শিশু ফুয়াদ। দুপুর দেড়টার দিকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফুয়াদের চাচা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের বাসায় ফিরে যাওয়ার কথা ছিল ফুয়াদের। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় পানিতে পড়ে তলিয়ে মৃত্যু হয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে শিশুটির পরিবার পাগলপ্রায়।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
- ২ অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা-তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ৪ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৫ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার