ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ১১:২৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পারিবারিক হতাশা থেকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের কোনো সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে।

এরআগে ইউসুফ ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’

বাবুরহাট এলাকার লোকজন জানিয়েছেন, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে আমিও তার বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। গতরাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দিয়ে তিনি এ ঘটনা ঘটান।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। পরকীয়ার জের ধরে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম