ময়মনসিংহবাসী পেলেন দুই প্রতিমন্ত্রী
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন ময়মনসিংহের নবনির্বাচিত দুই সংসদ সদস্য। তারা হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী মো. ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন তারা।
এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুজনই এমপিপুত্র। এর মধ্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রয়াত বাবা মো. ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের এমপি। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর বাবার নাম আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। একইসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, স্বাধীনতার সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর একান্ত সচিব ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্যও ছিলেন আনোয়ারুল হোসেন।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সবাই মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই। আমাদের নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।’
কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম