চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, ম্যানেজার আহত
হামলায় আহত নাজির বিশ্বাস
ফরিদপুরে চাঁদার টাকা না পেয়ে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির ম্যানেজার নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর বাসটার্মিনালে বিকাশ পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের ইসমাইল বিশ্বাসের ছেলে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিকাশ পরিবহন কাউন্টারের ম্যানেজার আহত নাজির বিশ্বাস জানান, বিকাশ পরিবহনের মালিক মারা যাওয়ার পর গত তিন বছর ধরে তিনিই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। প্রতিদিন দূরপাল্লায় ১২টি ট্রিপ পরিচালিত হয়। গত দেড় মাস ধরে কয়েকজন যুবক প্রতিটি ট্রিপ থেকে আটটি সিট এবং প্রতি সিটের বিপরীতে ১০০ টাকা দাবি করে আসছিলেন। তিনি এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আজ সকালে এসে প্রতি গাড়িতে আটটি সিট না দিলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে অতর্কিত হামলা চালান।
তিনি বলেন, ‘লোহার রড দিয়ে আমাকে মারধর করা হয়। একজন রামদা দিয়ে কোপ দিতে গেলে হাত দিয়ে ঠেকাই। এসময় অন্তত পাঁচজন দুর্বৃত্ত হামলায় অংশ নেয়। তাদের হাতে রামদা ও লোহার দণ্ড ছিল।
মিলন, সবুজ ও প্রিন্স নামের তিনজনকে শনাক্ত করতে পেরেছেন বলেও জানান হামলার শিকার নাজির বিশ্বাস।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা
- ২ বেশি দামে ডিজেল বিক্রিতে জরিমানা, জব্দ তেল সরকারি মূল্যে পেলেন কৃষক
- ৩ সংকটের মধ্যে ‘বিশেষ ব্রিফিং’, মানবিকতার গল্প শোনালেন এসএমপি কমিশনার
- ৪ নারীর পেটে অস্ত্রোপচার করে পাওয়া গেলো ৮ কেজির টিউমার
- ৫ পিরোজপুরে খাস জমির মাটি কাটায় তিন ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা