ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রং, ধানের কুড়া-পচা মরিচ দিয়ে মসলা তৈরি, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৮:৪৪ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

শেরপুর সদরে কৃত্রিম রং, ধানের কুঁড়া ও পচা মরিচ দিয়ে তৈরি হচ্ছিল ভেজাল গুঁড়া মসলা। এমন সংবাদের ভিত্তিতে একটি মসলা মিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল উপকরণ জব্দসহ দুই ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে তথ্যের সত্যটা পাই। পরে উপজেলা প্রশাসনকে অবহিত করি। অভিযুক্ত মিল মালিক বাসেদ মিয়া (৪৫) ডোবারচর দক্ষিণ পাড়ার মৃত আবদুল খালেকের ছেলে। আর সহযোগী মো. মিস্টার আলী (৩৫) সন্যাসীরচরের মৃত হরমুজ আলীর ছেলে।

শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর রং, একবস্তা ধানের গুড়া এবং দুই বস্তা পঁচা মরিচ ও ৮০ কেজি ভেজাল মসলা জব্দ করা হয়। এসব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছিল হলুদ গুড়া এবং মরিচ গুড়া। ভেজাল মসলা ও উপকরণ পরে জনসমক্ষে ধ্বংস করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী শেরপুরে ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এমএস