শরীয়তপুরে ভোরে আ’লীগ কার্যালয় খুলে উধাও কর্মীরা
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা জেলা কার্যালয় খুলেছে দলটির নেতাকর্মীরা। এসময় কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে জেলা শহরের পালং বাজারে অবস্থিত দলটির জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার ভোরে ১০-১২ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালং বাজারে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে হাজির হন। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পড়া ছিলো। তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়টির দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা দেয়ালে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। এরপর চলে যান তারা। তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি।

এদিকে এই ঘটনার এক মিনিটের একটি ভিডিও শরীয়তপুর আওয়ামী লীগ নামের একটি পেইজে আপলোড করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, ‘আজ শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান করছে। তারা জয় বাংলা স্লোগান দিয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন।
ভিডিওটিতে দেখা যায়, কিছু লোক আওয়ামী লীগের স্লোগান দিয়ে হাতে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি নিয়ে উপস্থিত হয়েছেন। এরপর তারা ছবিগুলো কার্যালয়ের ভেতরে দেয়ালে টাঙিয়ে দেন।
বিষয়টি জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, এ সংক্রান্ত কোনো খবর আমাদের কাছে আসেনি। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।
বিধান মজুমদার অনি/কেএইচকে/এমএস