নাটোর
পদ্মার চরে অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধ, ৩ ট্রলিতে অগ্নিসংযোগ
নাটোরের লালপুরে পদ্মা নদীর চরে জোরপূর্বক অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে তিনটি বালুবাহী ট্রলিতে (ট্রাক) অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া কয়লার ডহর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মার চরে আমানুল ইসলামের জমি থেকে তার অনুমতি ছাড়াই একটি পক্ষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ঘটনার দিন বালু বহন করে নেওয়ার সময় ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকার লোকজন। এসময় তারা তিনটি ট্রলিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
ঘটনার সময় আশপাশে থাকা স্থানীয় রাখালরা দ্রুত আগুন নেভান। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরে চালকরা ট্রলিগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয়দের অভিযোগ, পদ্মার চর এলাকায় প্রভাবশালী একটি চক্র জোর করে জমি দখল করে ও ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ও আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/কেএইচকে/জেআইএম