র্যাবের পরিচয়ে চাঁদাবাজি-প্রতারণা, বিদেশি পিস্তলসহ যুবক আটক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাব ও ডিবি কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সজীব ভুইঁয়া ওরফে সোর্স বাবু (৩৩) নামের এক যুবককে আটক করেছে র্যাব-১১। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সজীব ওই এলাকার দুলাল ভুঁইয়ার ছেলে। দুপুরে র্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার ও কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটককৃত যুবক প্রায় সময়েই সিদ্ধিরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিজেকে ডিবি ও র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ কর্মকাণ্ড করছিলেন। তার নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ গড়ে উঠেছে যারা সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছে র্যাব ও পুলিশের ভয় দেখিয়ে নানা সময়ে চাঁদা আদায় করেছেন। এছাড়াও র্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে প্রতারণা করে যাচ্ছিলো।
র্যাব আরও জানান, আটককৃত সজীব ভুইঁয়ার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পেন গান, ২ রাউন্ড গুলির খোসা ও ৪০ পিস ইয়াবাসহ অন্যান্য সরঞ্জামাদি পাওয়া গেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আকাশ/কেএইচকে/এএসএম