ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাবনায় আওয়ামী লীগের অফিসে পতাকা উড়োনোর ভিডিও প্রকাশ

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ধারণা করা হচ্ছে শুক্রবার দিনের কোনো এক সময় এ পতাকা উত্তোলন করা হয়েছে।

প্রকাশ পাওয়া ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান নেতা, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ ও ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভাসহ নেতাকর্মীরা একটি লাঠিতে জাতীয় পতাকা টানাচ্ছেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

তবে মূল কার্যালয় এখনও বন্ধ আছে। এর আগে কিছুসংখ্যক তরুণ কার্যালয়টিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পতাকা উত্তোলন করছে ও একই ধরনের স্লোগান দিচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে পাবনার আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। এর মাঝে ৫ আগস্টসহ কয়েক দফায় কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এরপর থেকে দীর্ঘ ১৮ মাস ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ দেখা যায়নি।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, এ ধরনের কোনো ঘটনা পাবনায় ঘটেছে বলে আমাদের জানা নেই। আমরা এ বিষয়ে নজরদারি রেখেছি। শৃঙ্খলা পরিপন্থি কোনো কার্যক্রম দেখা গেলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হোসাইন নাবিল/এমএন/এএসএম