ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান চত্বর এলাকায় গরুবোঝাই ট্রাকের চাপায় নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাসিমা বগুড়া সদর উপজেলার চিংগাসপুর উত্তর পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্বামী ও সন্তানসহ বগুড়া শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নাসিমা। মাটিডালি বিমান চত্বর এলাকায় মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত গরুবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে সে সময় শিশু সন্তানটি তার স্বামী আলমগীর হোসেনের কোলে থাকায় তারা দুজনই অলৌকিকভাবে বেঁচে যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন খবর দিলে কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কুন্দারহাট হাইওয়ে থানার এসআই গণেশ চন্দ্র জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

এমএন/এএসএম