যশোরে চুরির অপবাদে এক ব্যক্তিকে হত্যা: আসামি ইসমাইল গ্রেফতার
গ্রেফতার আসামি ইসমাইল/ছবি সংগৃহীত
যশোরে চুরির অপবাদে মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীমকে হত্যা মামলার অন্যতম আসামি মো. ইসমাইলকে গ্রেফতার করেছে র্যাব-৬।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শংকরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার ইসমাইল যশোর সদর উপজেলার শ্রীকান্তনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর ফজলে রাব্বী।
র্যাব জানায়, গত ১৬ জানুয়ারি যশোরের বলাডাঙ্গা গ্রামের গোবিন্দ মোড়ে একটি দোকানের সামনে মাচার ওপর শুয়ে ছিলেন মানসিক ভারসাম্যহীন মিনারুল কবির শামীম। ওই রাতে একই দোকানে চুরির ঘটনা ঘটলে দোকানদার ও তার সহযোগীরা শামীমকে চুরির সন্দেহে মারধর করেন।
পরে রাত ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শামীমের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই অন্যতম হোতা ইসমাইল পলাতক ছিলেন।
মিলন রহমান/বিএ