হবিগঞ্জ
ফোনে ওসিকে গালিগালাজ-হুমকির অভিযোগে বিএনপি নেতা আটক
অভিযুক্ত ফেরদৌস চৌধুরী তুষার
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জেলা শহরের শায়েস্তানগরে নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানতে চাইলে বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি ধরতে পারিনি। পরে তিনি অন্য একজনের ফোনে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। তিনি বলেন, বাহুবলে চাকরি করতে হলে তাকে জিজ্ঞেস করেই করতে হবে।’
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার বলেন, ‘আমি সরাসরি তাকে কল দিয়েছি—এমনটা প্রমাণ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম।’
তিনি বলেন, ‘বর্তমান ওসির বিরুদ্ধে বিভিন্ন অবৈধ ব্যবসা, মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ক্ষোভ আছে। প্রশাসন চাইলে বিষয়গুলো তদন্ত করে দেখতে পারে।’
খোঁজ নিয়ে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মখলিছুর রহমানের সঙ্গে সম্প্রতি মোবাইলফোনে কথা বলেন বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম। এসময় মখলিছুর রহমানের পাশে থেকে উত্তেজিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষার ওসিকে উদ্দেশ করে গালিগালাজ করতে থাকেন। এ-সংক্রান্ত একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে ওই বিএনপি নেতাকে বলতে শোনা যায়, ‘বাহুবলে ওসিগিরি করতে হলে আমাকে জিজ্ঞেস করেই করতে হবে’।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস