ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ফুলহর এলাকার একটি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতাসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে এই মামলা করেন।

মামলার আসামিরা হলেন মদনপুর ফুলহর এলাকার শহিদুল্লাহ পাইসার ছেলে এসএম মোমেন (৫০), মৃত মহব্বত আলীর ছেলে মো. শফিউল্লাহ (৪০), হাবিব উল্লাহর ছেলে এসএম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল (২২), জাহেরুল্লাহর ছেলে দ্বিপ হোসেন (২৮), আলাল হোসেনের ছেলে আরাফাত (১৮) ও রিয়াজ উদ্দিনের ছেলে সুজন (১৯)। তাদের মধ্যে এসএম মোমেন বর্তমানে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।

মামলার বাদী মিতু আক্তার বলেন, বিবাদীরা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি সেজে এলাকার নিরীহ মানুষদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় তার কাছেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় হাসপাতাল পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

তবে এ বিষয়ে মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক এসএম মোমেন বলেন, ‌‘আমার বিরুদ্ধে যে অভিযোগে মামলা হয়েছে, তার সঙ্গে আমার কোনো রকমের সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে বন্দর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, চাঁদা দাবির ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস