ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সর্বপ্রথম পানি সমস্যার সমাধান করবো: সাচিং প্রু জেরী

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:০২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

পানি, প্রকৃতি, পরিবেশবান্ধব পর্যটন ও শিক্ষাব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান রাজার মাঠে বান্দরবানবাসীর আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অতীতের স্মৃতিচারণ করে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ‌‘তিন পার্বত্য জেলায় এবং সমতলেও দিন দিন পানি সংকট দেখা যাচ্ছে। পার্বত্য এলাকায় অনেক জায়গা আছে, যেখানে ৩-৪ মাস পানি পাওয়া যায় না। অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম পানি সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’

তিনি বলেন, প্রকৃতি বা পরিবেশ নিয়েই সবকিছু। প্রকৃতিকে ভালো যদি না বাসেন ভবিষ্যতে কঠিন অবস্থা সৃষ্টি হবে। খাল-বিল, নদীনালা প্রকৃতি ও পরিবেশের একটি অংশ, যা কিছু আছে সবকিছুকে ধারণ করতে হবে। পরিবেশটিকে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে।

বৃহত্তর পার্বত্য অঞ্চলে উৎপাদিত কৃষি, ফলদ সম্পদ মিষ্টি ও অতুলনীয় স্বাদের কারণে পুরো দেশে সমাদৃত। এই উৎপাদিত ফসলের রক্ষণাবেক্ষণ করতে মহাপরিকল্পনা গ্রহণ করার ইচ্ছে রয়েছে বলেও জানান সাচিং প্রু জেরী।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, মুজিবুর রশিদ, চিংসা প্রু, ইয়াছিনুল হক রিপন, আলী হায়দার বাবলু, আমির হোসেন আমু, অধ্যাপক তোফায়েল আহমেদ, আবুল কালাম প্রমুখ।

নয়ন চক্রবর্তী/এসআর/এমএস