নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার
নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়েছে নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পূর্বধলা বাজারে দলটির কার্যালয়ের সামনে (মুরগী মহল সংলগ্ন) ব্যানারটি দেখতে পান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, ভোরে কয়েকজনকে স্লোগান দিতে শোনা যায়। তারা স্থানীয় তরুণ আওয়ামী লীগ নেতা অমানুর রশিদ খান জুয়েলের নাম উল্লেখ করে স্লোগান দেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলীয় কার্যালয়টি দীর্ঘদিন বন্ধ ছিল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সরকার পতনের খবর ছড়িয়ে পড়ার পরপর বিক্ষুব্ধ জনতা কার্যালয়ে ভাঙচুর চালায়। সে সময় চেয়ার-টেবিল, পোস্টার, সিলিং ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে কার্যালয়টি কার্যত অচল অবস্থায় ছিল।
দীর্ঘ বিরতির পর হঠাৎ করে দলীয় কার্যালয়ে ‘উদ্বোধনী’ ব্যানার টানানোকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এটি সংগঠনটির সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার প্রচেষ্টার ইঙ্গিত হতে পারে।
এর আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূর্বধলা উপজেলার বিভিন্ন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা গেছে গেছে। সাম্প্রতিক সময়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মসূচিও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, ব্যানার টানানোর কথা শুনেছি। পরে গিয়ে ব্যানারটি আর দেখা যায়নি। সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইচ এম কামাল/আরএইচ/এমএস