ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি নেতাকে অব্যাহতি

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ১০:০০ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জে আহমেদুর রহমান তনু নামে এক নেতাকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, এ মর্মে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আহমেদুর রহমান তনু এনসিপির কেন্দ্রীয় সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে পাঠাতে বলা হয়েছে।

এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়ত এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগতভাবে জানাতে পারতো।

তিনি আরও বলেন, দল থেকে এখনো কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আর প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির একাধিক প্ল্যাটফর্মে কাজ করার অধিকার আছে। এটা কোনো দোষ হতে পারে না। আমি মনে করি আমাকে সাময়িক অব্যাহতি দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ বাড়লো।

মোবাশ্বির শ্রাবণ/এমএন/এমএস