ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০২:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুর শহরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মাদারীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে।

অভিযুক্ত রিয়াদ খান মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর খানেক আগে রিয়াদ খানের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে হয় মিম আক্তারের। এরপর দুজন শহরের বিসিক শিল্পনগরী এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বুধবার রাতে হঠাৎ মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানান রিয়াদ। খবর পেয়ে পুলিশ ও পরিবারের লোকজন নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। এসময় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশ।

নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, আমার ভাতিজির এমন মৃত্যু মেনে নিতে পারছি না। ওর বাবা নেই, ছোটবেলা থেকে আমি মিমকে লালন পালন করে বড় করেছি। এই ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি অপরাধীর বিচার চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া নিহতের পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম