ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

রগুনার পাথরঘাটা উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলে, মৎস্যজীবী ও ট্রলার মালিকরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের গোলচত্বর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বেশ কিছুদিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোতে অতর্কিত হামলা চালাচ্ছে জলদস্যুরা। হামলার সময় গুলিবর্ষণ, ট্রলার লুটপাট এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। আর এ কারণে নতুন করে বঙ্গোপসাগরে জলদস্যুদের এমন তৎপরতা বৃদ্ধিতে জেলেদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং মাছ শিকারে সাগরে যেতে আগ্রহ হারাচ্ছেন জেলেরা। ফলে সাগরে গিয়ে নির্বিঘ্নে মাছ শিকারের লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযান জোরদার, নৌটহল বৃদ্ধি এবং অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনের বক্তব্যে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কয়েকদিন আগে আমার এক ভাই চোখের নিচে জলদস্যুদের গুলিতে আহত হয়ে ফিরে এসেছেন। আরেকজনের পিঠে গুলি লেগেছে। আবারও জলদস্যুদের সেই গুলির ঘটনা ঘটছে। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি, সুন্দরবন এবং সাগরে কোনো জলদস্যু থাকবে না। আর যদি জলদস্যুই থাকে তাহলে আমরা জেলেরা আর সাগরে মাছ শিকারে যাব না।

এ সময় তিনি বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণির উদ্দেশে বলেন, আপনি জেলে বান্ধব, আমাদের পথ দেখিয়ে দিন কী করতে হবে এবং কোথায় যেতে হবে। জলদস্যু নির্মূল করতে আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। সাগরে যদি জলদস্যু না থাকে তাহলে জেলেরা স্বাচ্ছন্দ্যে সাগরে গিয়ে মাছ শিকার করতে পারবেন। আর তা না হলে জেলেদের না খেয়ে মারা যেতে হবে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/জেআইএম