সিলেট
চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
সিলেটের ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের ঘটনায় সিলেটজুড়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক বিএনপি নেতা। এতে লজ্জায় শুক্রবার যুক্তরাজ্যে ফিরে গেছেন ওই প্রবাসী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্য প্রবাসী এম আহমদ মধু মিয়ার বাড়িতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গরুর প্রকৃত মালিকসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।
কিন্তু পরবর্তীতে জানা যায়-ইফতারে জবাই করা গরুটি চুরি করা ছিল। বিষয়টি জানাজানি হলে যুক্তরাজ্য প্রবাসী এম আহমদ মধু মিয়া গরুর মালিককে ডেকে গরুর মূল্য ৭০ হাজার টাকা দেন। একই সঙ্গে তার বাড়ির তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করায় তাকে অব্যাহতিও দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ঘটনায় প্রবাসীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এম আহমদ মধু মিয়া যুক্তরাজ্য বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গত জানুয়ারি মাসে তিনি সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দেশে আসেন। নির্বাচন শেষে নিজ এলাকায় একটি ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেন।
স্থানীয় বাসিন্দা রেজওয়ান আহমদ জানান, ইফতার মাহফিলের জন্য আগে থেকে গরু কেনার কথা ছিল। কিন্তু প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক গরু না কিনে টাকা অন্যত্র ব্যয় করেন। পরে ইফতারের আগের দিন মাঠ থেকে অন্যের গরু এনে জবাই করেন।
তিনি বলেন, ইফতার শেষে গ্রামে গরু চুরির বিষয়টি সামনে এলে খোঁজাখুঁজির একপর্যায়ে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রবাসীর বাড়ির তত্ত্বাবধায়ক গরুটি নিয়ে গেছেন। এতে প্রবাসীর কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে তিনি দাবি করেন। এ ঘটনার পর তিনি যুক্তরাজ্যে চলে গেছেন।
গরুর মালিক নাজমুল ইসলাম বলেন, বাড়ির কেয়ারটেকার সাইদ মাঠ থেকে তার গরু চুরি করেছিলেন। প্রবাসীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি জানার পর এম আহমদ মধু মিয়া গরুর ন্যায্য মূল্য পরিশোধ করেছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনা খবর পেয়ে থানা থেকে একজন কর্মকর্তাকে ওই এলাকায় পাঠিয়েছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।
আহমেদ জামিল/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু